করিমগঞ্জ জেলার পাঁচটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু

করিমগঞ্জ (অসম), ৫ মার্চ (হি.স.) : রিটার্নিং অফিসারদের বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার পাঁচটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার কাজ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ১২ মার্চ বিকেল তিনটার মধ্যে অফিস খোলার দিন মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ নম্বর রাতাবাড়ি বিধানসভা আসনের জন্য করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ের ভূমিতলের ১ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার নিসর্গ হিভরে বা সহকারী রিটার্নিং অফিসার কে ঈশান সিং-এর কাছে মনোনয়ন দাখিল করা যাবে।

২ নম্বর পাথারকান্দি বিধানসভা আসনের প্রার্থীরা  জেলাশাসকের কার্যালয়ের ভূমিতলে কক্ষ নম্বর ২-এ রিটার্নিং অফিসার রাজেশন তেরন বা সহকারী রিটার্নিং অফিসার অর্পিতা দত্ত মজুমদারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ৩ নং উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের মনোনয়নপত্র জেলাশাসকের কার্যালয়ের প্রথম তলায় কক্ষ নং ৩-এ রিটার্নিং অফিসার জেলাশাসক আনবামুথান এমপি বা সহকারী রিটার্নিং অফিসার অমলেন্দু রায়ের কাছে দাখিল করতে পারবেন। ৪ নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্রের জন্য জেলাশাসকের কার্যালয়ের দ্বিতলে ৪ নং কক্ষে রিটার্নিং অফিসার প্রদীপ কুমার গুপ্তা বা অতিরিক্ত রিটার্নিং অফিসার সৌভিক দত্তের কক্ষ নির্ধারিত রয়েছে। ৫ নং বদরপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জেলাশাসকের কার্যালয়ের প্রথম তলায় কক্ষ নং ৫-এ রিটার্নিং অফিসার জেমস এইন্ড বা সহকারী রিটার্নিং অফিসার দেবজ্যোতির কাছে দাখিল করতে পারবেন।

সরকারি ছুটির দিন ছাড়া যে কোনও দিন মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বিধানসভা আসনের সংশ্লিষ্ট কক্ষে পাওয়া যাবে। ওই নির্দিষ্ট কক্ষগুলিতে ১৫ মার্চ সকাল এগারোটা থেকে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রার্থী অথবা তাঁর যে কোনও প্রস্তাবক কিংবা তাঁর নির্বাচনি এজেন্ট যাঁর কাছে মনোনয়ন বাতিল করার জন্য প্রার্থীর লিখিত নোটিশ রয়েছে ১৭ মার্চ বিকেল তিনটার আগে মনোনয়ন প্রত্যাহারের জন্য নোটিশ দাখিল করতে পারবেন।

এদিকে জেলাশাসক তথা জেলা নির্বাচনি আধিকারিক আনবামুথান এমপি শুক্রবার জেলার সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক দুটি বৈঠকে মিলিত হন। এতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়া সহ আনুষঙ্গিক বিভিন্ন তথ্য তুলে ধরেন। রাজনৈতিক দলগুলির বৈঠকে জেলাশাসক জানান, শোভাযাত্রা সভা-সমিতির অনুমতির জন্য সুবিধা পোর্টালে দরখাস্ত জমা দেওয়া যাবে। রাজনৈতিক দলের সভায় কংগ্রেসের পক্ষে আবুল ফয়েজ চৌধুরী, বিজেপির পক্ষে দেবজিৎ রায়, সমাজবাদী পার্টির গোপাল চন্দ্র পাল, এনসিপির পিকে রায় এবং প্রশাসনের পক্ষে সব কয়টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসারগণ অংশ নেন। এদিকে মনোনয়ন জমার প্রথম দিন কোনও মনোনয়ন দাখিল হয়নি।