এক মাসে তিন দফা, মধ্যরাত থেকে ফের বাড়ল গ্যাসের দাম

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এখনও দু’সপ্তাহ হয়নি ৫০ টাকা দাম বৃদ্ধির পর, বুধবার মধ্যরাত থেকে ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে এ মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া। জ্বালানি তেল প্রতিদিনই দুশ্চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। এ বার আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। কিন্তু কেন এই বৃদ্ধি? সং‌স্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ।