আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় জোটের বিরুদ্ধে অনাস্থা আনেনি শরিক দল আইপিএফটি৷ তবে, নতুন জোট করার বিষয়ে আমাদের সাথেও আলোচনা করেনি৷ তাই, বিজেপি শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আলোচনা করবেন৷ এর পরই এ-বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিপ্রাহা-র সাথে আইপিএফটি-র জোট গঠন নিয়ে এই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷
তিনি বলেন, আইপিএফটি-র শীর্ষ নেতৃবৃন্দ নতুন জোট গঠনের বিষয়ে আমাদের সাথে কোনও আলোচনাই করেননি৷ তাঁদের ইচ্ছে হয়েছে অন্য দলের সাথে জোট গঠন করেছে৷ তবে, বিষয়টি সম্পর্কে প্রদেশ বিজেপি-র শীর্ষ নেতৃবৃন্দ অবগত রয়েছেন৷ তাঁরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন৷
নবেন্দুবাবু বলেন, আজ মিডিয়া-র মাধ্যমে ওই নতুন জোটের খবর পেয়েছি৷ তবে তাঁরা বিজেপি জোট ছাড়বে এমন ঘোষণাও করেননি৷ তাছাড়া, নতুন জোটের পরিকাঠামো কী হবে সে-বিষয়েও আমরা অবগত নই৷ তাঁর সাফ কথা, আইপিএফটি শাসক জোটের প্রতি অনাস্থা আনেনি৷ তাই, এখনই এ-বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে না৷

