পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শঙ্খ যে-কোনও দিন বেজে উঠবে৷ বিজেপি তাই জোর কদমে প্রচারের ধাপ সেরে ফেলতে চাইছে৷ পশ্চিমবঙ্গে চলছে বিজেপি-র রথযাত্রা৷ ওই রথযাত্রায় অংশ নেবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ একাধিক সভায় তিনি ভাষণও দেবেন৷ ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনকে সমূলে উৎখাত করার অন্যতম কাণ্ডারি বিপ্লব দেব পশ্চিমবঙ্গে বিজেপি-র নির্বাচনি প্রচারের মুখ বলেই চিহ্ণিত হয়েছেন৷


মুখ্যমন্ত্রীর দফতর সূত্রের খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গ সফরে যাবেন৷ সেখানে রথযাত্রায় অংশ নেবেন তিনি৷ হাওড়া, বারাসাত, আমডাঙ্গা এবং মধ্যমগ্রামে একাধিক সভায় তিনি বক্তব্য পেশ করবেন৷ ইতিপূর্বে লোকসভা নির্বাচনেও বিজেপি-র তারকা প্রচারকের তালিকায় ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ একাধিক সভায় তিনি বিপুল জনসমর্থন পেয়েছেন৷ কারণ, ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনকে পরাজিত করার ঐতিহাসিক ঘটনা বিপ্লব দেবের মুখেই শুনতে চান পশ্চিমবঙ্গবাসী৷


সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার পশ্চিমবঙ্গে সিপিএমের সভায় অংশ নিয়ে বিজেপি-আইপিএফটি জোট সরকারের গালমন্দ করেছেন৷ সুনির্দিষ্ট তথ্যের বদলে বহু ভিত্তিহীন দাবি করে এসেছেন৷ শুধু তা-ই নয়, নিজেদের ব্যর্থতার দায় বিজেপি-আইপিএফটি-র ঘাড়ে চাপিয়েছেন৷ অবশ্য, মানিকবাবুর বক্তব্যে পশ্চিমবঙ্গবাসী কতটা বিশ্বাস করেছেন, তা সময়ই ভালো বলে দেবে, এমনটাই মনে করা হচ্ছে৷