কোভিড টিকাকরণে গোটা দেশে প্রথম বিহার, দ্বিতীয় ত্রিপুরা

আগরতলা, ৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ কোভিড টিকাকরণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা৷ প্রথম স্থানটি দখল করেছে বিহাকর৷ ৬৫ শতাংশ কিংবা তার অধিক টিকাকরণ হয়েছে এমন ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তথ্য আজ সাংবাদিক তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক রাজেশ ভূষণ৷


মঙ্গলবার এক সভায় তিনি বলেন, কয়েকটি রাজ্য কোভিড টিকাকরণে দারুণ কাজ করেছে৷ বাকি রাজ্যগুলিকে আরও ভালো কাজ করতে হবে৷ তাঁর কথায়, গোটা দেশে প্রথম পর্যায়ের টিকাকরণে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৬৫ শতাংশ কিংবা তার অধিক কোভিড স্বাস্থ্যকর্মীদের টিকাকরণে সক্ষম হয়েছে৷ তিনি জানান, বিহার সবচেয়ে অধিক কোভিড টিকাকরণ করেছে৷ তার পরেই রয়েছে ত্রিপুরা৷ তিনি বলেন, বিহার ৭৮ শতাংশ, ত্রিপুরা ৭৭ শতাংশ এবং মধ্যেপ্রদেশ ৭৬ শতাংশ স্বাস্থ্যকর্মীদের কোভিড টিকাকরণে সক্ষম হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, উত্তরাখণ্ড ৭৩ শতাংশ, ওড়িশা ৭২ শতাংশ, মিজোরাম ৬৯ শতাংশ, হিমাচল প্রদেশ ৬৮ শতাংশ, উত্তরপ্রদেশ ৬৮ শতাংশ, আন্দামান ও নিকোবার ৬৭ শতাংশ, রাজস্থান ৬৭ শতাংশ, কেরালা ৬৬ শতাংশ এবং লক্ষাদ্বীপ ৬৬ শতাংশ স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করতে পেরেছে৷