নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ ঋণের দায় এবং অভাব-অনটন সহ্য করতে না পেরে এক ব্যক্তি স্ত্রী-সন্তানকে বাড়িতে ফেলে নিখোঁজ হয়ে গেছে৷ নিখোঁজ ব্যক্তির নাম সেন্টু দাস৷ বাড়ি আমতলী থানা এলাকার সেকেরকোট৷ এক মাসেরও বেশি সময় ধরে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছে৷ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে কোন হদিশ না পেয়ে তার স্ত্রী শেষ পর্যন্ত থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ অভাগিনী স্ত্রী তার ছয় বছরের পুত্র সন্তানকে নিয়ে অসহায় জীবন যাপন করছেন৷ তিনি জানান বিভিন্ন ব্যাংক থেকে তার স্বামী লক্ষাধিক টাকা ঋণ নিয়ে ছিলেন৷
কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে৷কিন্তু টাকা মিটিয়ে দেওয়া তার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না৷ শিশুপুত্রের মুখে দু’’মুঠো আহার তুলে দেওয়ার সাধ্য নেই অভাগানী মায়ের৷ পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে অভাগিনী মা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷

