এবারের বাজেট ডিজিটাল, ট্যাব নিয়ে সংসদে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): চিরাচরিত ‘বই খাতা’ নয়, এবার ‘বাজেট ট্যাব’ নিয়ে সংসদে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে ডিজিটাল হয়ে গেল এবারের কেন্দ্রীয় বাজেট। তাছাড়া এ বারই প্রথম ‘পেপারলেস বাজেট’ পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিড সংক্রমণের কারণে দেশের ইতিহাসে এই প্রথমবার বাজেটের কোনও নথি ছাপানো হয়নি। সফট কপি মিলবে অনলাইনে। দ্বিতীয়ত, ১৯৫২ সালের পর এই প্রথম এমন বাজেট, যে সময় দেশে ঋণাত্মক বৃদ্ধি বা মন্দা চলছে।

সোমবার সকালে ২০২১-২২ অর্থবর্ষের ‘বাজেট ট্যাব’ নিয়ে অর্থ মন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে নির্মলা ও অনুরাগ পৌঁছে যান সংসদে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর বেলা এগারোটা থেকে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।