৪৯ দিন পর অপহৃত লিটন নাথের দাফন করা ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৫ জানুয়ারী (হি. স.)৷৷ আশঙ্কা সত্যি করে অপহরণের ৪৯ দিন বাদে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে লিটন নাথের৷ উত্তর ত্রিপুরা জেলায় দামছড়া থানাধীন রানীপাড়া এলাকায় মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করেছে পুলিশ৷ সম্প্রতি, টাকারজলা এলাকায় ধৃত চার উগ্রবাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে লিটন নাথের মৃতদেহ উদ্ধার হয়েছে৷


প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে লিটন নাথকে অপহরণ করেছিল অজ্ঞাত পরিচয় দুষৃকতীর দল৷ মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দাবি করেছিল তারা৷ উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন কাটুয়া ব্রিজ সংলগ্ণ জয়রামপাড়ায় বছর পঁয়ত্রিশের লিটন নাথকে অপহরণের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷
লিটন নাথের স্ত্রী-র বক্তব্য অনুযায়ী, ওই রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ একদল দুষৃকতী বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেছিল৷ দরজা খুলতেই আমার স্বামীকে টেনে নিয়ে মারধর শুরু করে দিয়েছিল৷ ঘরে আমাদের ছেলেমেয়ে তখন ঘুমিয়েছিল৷ ছোট শিশুকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেবে ভয় দেখিয়ে স্বর্ণের কানের দুল, আংটি ছিনিয়ে নিয়ে গেছে৷ নগদ সাতশো টাকা ছিল৷ ওই টাকাও নিয়ে গেছে৷ শুধু তা-ই নয়, আমার স্বামীর দোকান থেকে ব্যাগ ভরতি করে জিনিসপত্র নিয়ে গেছে, বলেন তিনি৷


তিনি জানান, দুসৃকতকারীদের ভাষা বোঝা যায়নি৷ তবে আমাদের সাথে তারা হিন্দিতে কথা বলেছে৷ তাদের মুখে মাস্ক এবং কালো টুপি ছিল৷ ফলে, রাতের অন্ধকারে তাদের চেহেরাও বোঝা যায়নি৷ তিনি বলেন, দুষৃকতীরা স্বামীকে নিয়ে যাওয়ার সময় মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দেওয়ার হুমকি দিয়েছিল৷
আজ ধৃত উগ্রপন্থী গঙ্গারাম রিয়াং-র দেওয়া তথ্যের উপর ভর করে উত্তর ত্রিপুরা পুলিশ এবং সিপাহীজলা জেলা পুলিশ যৌথ অভিযান-এ নেমে রানীপাড়া এলাকায় মাটি খুঁড়ে লিটন নাথের মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছে৷ মৃতের স্ত্রীকেও দেহ শনাক্ত করার জন্য আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷