খোয়াই থেকে মানিকভান্ডার পর্যন্ত সড়কে নিরাপত্তার দাবী জানাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ মানিক ভান্ডার খোয়াই জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে মঙ্গলবার কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে বিজেপি কমলপুর মন্ডল৷


মহকুমা পুলিশ আধিকারিক এর সঙ্গে সাক্ষাৎকালে কমলপুর মন্ডলের নেতৃবৃন্দ জানান গত বেশ কিছুদিন ধরেই কমলপুর মানিক ভান্ডার সড়কে যানবাহনের চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ মোটর শ্রমিকদের নিরাপত্তা এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পুলিশ আধিকারিক এর কাছে তারা জোরালো দাবি জানিয়েছেন৷
তারা আরও জানান গত বেশ কিছুদিন ধরেই মানিক ভান্ডার খোয়াই জাতীয় সড়ক দিয়ে তুলনামূলকভাবে অনেক কম সংখ্যক যানবাহন চলাচল করছে৷নিরাপত্তার অভাবে এই সড়কে যানবাহন চলাচল নিয়মিত করছে না বলে তারা উল্লেখ করেন৷নিয়মিত যানবাহন চলাচল না করার ফলে বিশেষ করে যারা দূরবর্তী স্থান থেকে আসা যাওয়া করে সরকারি অফিস সুকল ইত্যাদিতে দায়িত্ব পালন করছেন তাঁরা জটিল সমস্যায় পড়ছেন৷

শুধু তাই নয় নিত্য যাত্রীরাও সমস্যার সম্মুখীন৷ সে কারণেই মহকুমা পুলিশ আধিকারিক এর দৃষ্টি আকর্ষণ করে মানিক ভান্ডার খোয়াই বিকল্প জাতীয় সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে তারা জোরালো দাবি তুলেছেন৷কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে কমলপুর মন্ডলের নেতৃবৃন্দ জানিয়েছেন৷