আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পীকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত যুবককে আটক করেছে৷ দশমীর রাতে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় ওই সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল৷ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ আমতলি থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪-এ(), ৩৫৪-বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে৷
এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, অশ্বিনী মার্কেট বিদ্যাসাগর পল্লি এলাকার বাসিন্দা মহিলা সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত একই এলাকার বাসিন্দা সঞ্জিত বর্মণকে গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷ পুলিশের বক্তব্য, ওই ঘটনায় নির্যাতিতা অভিযোগ জানাতে সম্মত ছিলেন না৷ তাকে অনেক বোঝানোর পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে সঞ্জিত বর্মণকে পুলিশ গ্রেফতার করেছে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দশমীর রাতে নিশ্চিন্তপুরের কাছাকাছি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল৷ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত করা হচ্ছে৷ কী ঘটেছিল তা তদন্তেই বেরিয়ে আসবে৷
প্রসঙ্গত, রাতের বেলায় এক যুবতী এবং এক যুবককে কয়েকজন যুবক ঘেরাও করে অশালীন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে৷ ভিডিওতে ওই যুবতী তার সাথে যুবককে অপ্রীতিকর পরিস্থিতির জন্য দোষারোপ করতেও শুনা গেছে৷ বেশ কয়েকজন যুবক মিলে রাতের বেলায় এক যুবতী ও তার সঙ্গী যুবককে চরম হেনস্তার ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরায় প্রতিবাদের ঝড় উঠে৷ ওই নির্যাতিতা যুবতী একজন সংগীত শিল্পী বলে পরিচিতি মিলেছে৷ তাঁর বাবাও বিশিষ্ট সংগীত শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন৷ দোষীর গ্রেফতার এবং চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সবাই৷ একাংশ শিল্পীগোষ্ঠী আজ পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ওই ঘটনার বিচার চেয়ে ডেপুটেশন প্রদান করেছেন৷
এদিকে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এত রাতে নির্জন এলাকায় ওই যুবতী কেন গিয়েছিলেন তা-ও তদন্ত করে দেখা হবে৷ পাশাপাশি, তদন্তের স্বার্থে ভাইরাল হওয়া ভিডিও পুঙ্খনাপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে, জানান তিনি৷

