নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ রাজ্যের শাসক জোট শরিক আইপিএফটির প্রতিনিধি দল বৃহস্পতিবার নয়াদিল্লীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাৎ করেছেন৷ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ নাড্ডার সাথে বৈঠকে রাজ্যের জনজাতি অংশের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের একগুচ্ছ দাবি তুলে ধরেন৷
তাছাড়া এডিসি নির্বাচনে বিজেপির সাথে আসন সমঝোতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷
শ্রীজমাতিয়া জানিয়েছেন, এদিন প্রায় ত্রিশ মিনিট যাবৎ চলে নান্ডার সাথে আইপিএফটির প্রতিনিধি দলের৷ আইপিএফটির তরফ থেকে নাড্ডাকে জানানো হয়েছে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সাথে সমঝোতার সময় বিজেপি নেতৃত্ব আশ্বাস দিয়েছিল যে এডিসিতে তাদেরকে ফ্রিহ্যান্ড দেওয়া হবে৷ তাই আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি ২২ টি আসনের দাবী জানাচ্ছে৷
এছাড়াও এদিন আইপিএফটির তরফ থেকে হাই লেবেল মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশের দাবীও জানানো হয়েছে৷ সেই সঙ্গে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য সরকারী শূন্যপদ পূরণের ব্যপারেও দাবী জানানো হয়েছে৷ আইপিএফটির প্রতিনিধি দল বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভালভাবেই কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন৷

