নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ সোনামুড়া থানাধীন সাহাপুর সীমান্তের পার্শবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আসা-যাওয়ার অসুবিধা দূর করার জন্য এবং বিএসএফের হয়রানি বন্ধ করার জন্য রবীন্দ্রনগর বাজারে রাস্তা অবরোধে সামিল হয় এলাকার লোকজন৷
শুক্রবার সকালে স্থানীয় জনগণ সোনামুড়া -কাঠালিয়া সড়ক অবরোধ করে৷ তাদের অভিযোগ ছাত্র-ছাত্রীদের সুকলে যেতে বিভিন্ন হয়রানির শিকার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা৷ এমনকি জরুরি কাজে তাদেরকে সীমান্তের ওপার থেকে আসতে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে৷ অনেক বার সোনামুড়া মহকুমার শাসককে লিখিত ভাবে অভিযোগে জানানোর পরও তাদের সমস্যার সমাধান হয় নি৷ তাই এইদিন বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে৷
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পরে ঘটনাস্থলে আনা হয় টিএসআর ও বিএসএফ বাহিনী৷ তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যায়৷ দীর্ঘ প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ পর প্রশাসনিক আধিকারিকরা স্থানীয় জন প্রতিনিধিদেরকে সাথে নিয়ে সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন৷ এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন৷ তারপরই সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে৷

