শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন, সম্ভাবনাময় জেলা হিসেবে ধলাইয়ের ভালো স্থান অর্জন

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ দেশের সম্ভাবনাময় ১২৪টি জেলার মধ্যে ত্রিপুরার ধলাই জেলা শিক্ষা ক্ষেত্রে যথেষ্ঠ ভালো স্থান অর্জন করেছে৷ ফলে, অতিরিক্ত ৩ কোটি টাকা প্রাপ্তির যোগ্য হয়েছে ওই জেলা৷ নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ কান্ত ত্রিপুরার মুখ্যসচিবকে এক পত্রবার্তায় ওই খবর জানিয়েছেনঊ একই পত্র তিনি ধলাইয়ের জেলাশাসক এবং কেন্দ্রীয় প্রভারী আধিকারিককেও পাঠিয়েছেন৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, সম্ভাবনাময় জেলা কর্মসূচির অন্তর্গত ধলাই জেলা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ঠ ভালো স্থান অর্জন করেছে৷ তাই নীতি আয়োগ অতিরিক্ত অর্থ প্রদান করেছে৷ তিনি বলেন, নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনে ধলাই জেলার টিম-কে শুভেচ্ছা জানিয়েছেন৷ সাথে মুখ্যসচিবকে ধলাইয়ের জেলাশাসককে প্রশংসাপত্র জারি করতে সুপারিশ করেছেন৷

শিক্ষামন্ত্রী বলেন, নীতি আয়োগের আধিকারিকরা ২০১৯ সালের ডিসেম্বরে সমীক্ষা চালিয়েছিল৷ ধলাই জেলারর শিক্ষাক্ষেত্রে গত দু বছরে আমূল পরিবর্তন আনা হয়েছে৷ নতুন দিশা, সাধনা-প্রেরণা প্রকল্পে ছাত্রছাত্রীরা দারুণ উপকৃত হয়েছে৷ তাই ধলাই জেলা শিক্ষা ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, বলেন তিনি৷