নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দীর্ঘ দিন অসুস্থ থাকার পর, গত ১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিং। অমর সিংয়ের প্রয়াণে ফাঁকা হয়ে পড়েছে রাজ্যসভার ওই আসন। তাই উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার ওই আসনে আগামী ১১ সেপ্টেম্বর উপ-নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর প্রয়াত অমর সিংয়ের রাজ্যসভা আসনে উপ-নির্বাচন হবে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন অমর সিং। সেই সংক্রান্ত চিকিৎসা করাতেই গত মার্চে সিঙ্গাপুরের হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই হাসপাতালেরই আইসিইউ-তে অমর সিংয়ের মৃত্যু হয়।

