সিধাই মোহনপুরে চোরের দৌরাত্ম্য, পুলিশি টহল নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ মোহনপুর বাজারে চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷ বাজারের বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে৷লকডাউন চলাকালে চুরির ঘটনার বাড়বাড়ন্তে ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পরপর দোকানপাট এবং বাড়িঘরে চুরির ঘটনা ঘটে চললেও পুলিশের ভূমিকা নিরাশাজনক বলে স্থানীয় জনগণের অভিযোগ৷


চোরের দৌরাত্ম্য প্রতিহত করতে পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে এত বেশি সংখ্যায় চুরির ঘটনা ঘটত না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷পুলিশের নিষ্ক্রিয়তাকে পুঁজি করেই বাংলাদেশি চোরের দল সীমান্ত ডিঙিয়ে এসে মোহনপুর বাজারে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ৷পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের পাকড়াও করতে সক্ষম হয়নি৷

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছেন৷মোহনপুর বাজারসহ পার্শবর্তীএলাকাগুলিত্ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করলে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা রাত জেগে পাহারা দিয়ে তাদের সম্পদ রক্ষা করতে বাধ্য হবেন বলেও তারা জানিয়েছেন৷


পুলিশ ও নিরাপত্তা বাহিনীর থাকতে স্থানীয় জনগণকে নিজেদের স্থাপন স্থাপন সম্পদ রক্ষার জন্য রাত জেগে পাহারা দিতে হলে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের অস্তিত্ব কোথায় সে নিয়েও প্রশ্ণ উঠেছে৷ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ওই সব এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীরা রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷