আগের থেকে অনেকটাই ভালো আছেন প্রণব মুখোপাধ্যায়, জানালেন ছেলে অভিজিৎ

নয়াদিল্ল, ১৬ আগস্ট (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়  আগের থেকে অনেকটাই ভাল আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন । রবিবার এমনটাই জানালেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

রবিবার সকালে একটি টুইটবার্তায় অভিজিৎ বলেন, ‘গতকাল (শনিবার) আমার বাবার কাছে হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের শুভ কামনায় আগের কয়েকদিনের তুলনায় উনি অনেকটাই ভালো আছেন। ওঁনার সব গুরুত্বপূর্ণ (শারীরিক) মাপকাঠি স্থিতিশীল আছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন।’

গত ১০ অগস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক ছিল। তবে প্রণববাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এখন আগের থেকে তিনি অনেকটাই ভাল আছেন  বলে জানিয়েছেন অভিজিৎবাবু ।