করোনা সংক্রমিত হলেন আইপিএফটির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ করোনা-র থাবা আইপিএফটি দলেও ছড়িয়ে পড়েছে৷ দলীয় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা করোনায় আক্রান্ত হয়েছেন৷ তিনি রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক৷ করোনা আক্রান্ত হলেও তাঁর দেহরক্ষীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ শনিবার মেলাঘর সাগরমহল কোভিড কেয়ার সেন্টারে তাঁকে ভরতি করা হবে৷


ইতিপূর্বে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর স্ত্রী এবং দুই দেহরক্ষীর দেহেও করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ আজ তাঁরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


আজ টেলেফোনে আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বলেন, দুদিন ধরে জ্বর, কাশি এবং মাঝে মাঝে শরীরের ব্যথায় ভুগছিলেন৷ তাই গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন৷ সেখানে কোভিড-১৯ টেস্ট করিয়ে রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি বলেন, আমার রিপোর্ট পজিটিভ এসেছে ঠিকই, কিন্তু দেহরক্ষীর রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাছাড়া, আজ বিকেলে আমার পরিবারের সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষা করা হবে৷
সংক্রমিত হওয়ার বিষয়ে তিনি অনুমান করে বলেন, গত এক সপ্তাহ ধরে ত্রিপুরায় চারটি জেলা সফর করেছি৷ সাংগঠনিক কাজে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলা সফর করতে হয়েছে৷ তখনই সংক্রমিত হয়েছি বলে মনে হচ্ছে৷ তিনি জানান, আজকেই তাকে মেলাঘর সাগরমহল কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হবে৷ সাথে তিনি যোগ করেন, করোনা আক্রান্ত হয়েছি ঠিকই, কিন্তু আমি অনেকটাই সুস্থ৷ প্রসঙ্গত, এখন পর্যন্ত দুই বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন৷ দুজনই শাসক দলের সদস্য৷