নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ করোনা সংক্রমণ রুখতে রাজ্যে ৩ দিনের লকডাউন শুরু হচ্ছে আগামীকাল৷ আর এই লকডাউন যেন সকলে মেনে চলেন এরজন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস৷ রবিবার আগরতলায় পুলিশ সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্যে উদ্বেগজনক ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে৷
প্রতিদিন সংক্রমণের সংখ্যাটা বেড়ে চলেছে৷ সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও৷ এই অবস্থায় রাজ্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৫টা অব্দি চলবে লকডাউন৷ কি কি লকডাউনের আওতায় থাকবে এবং কি কি থাকবেনা ইতিমধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ রবিবার থেকেই গোটা শহরে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এব্যাপারে পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, কোন জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হলে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে৷ যারাই বের হবে মোটর যানগুলিকে চেকিং এবং চালককে অবশ্যই প্রমাণপত্র দেখাতে হবে৷ লকডাউনের দিনগুলিতে আইন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ অন্যদিকে মাস্ক ছাড়া বের হলে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷
এদিকে, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপ রাজ্য সরকার ’দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস-২০২০’-এর রেগুলেশন অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কিছু বিধিনিষেধ আরোপ করেছে৷ এগুলি হলো –
১) ভ্রমণের ইতিহাস থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
২) পাবলিক প্লেস / কর্মক্ষেত্র ও ড্রাইভিং / ভ্রমণের সময় মাস্ক বা মুখাবরণ পরিধান বাধ্যতামূলক৷ ৩) বেসরকারি ও গণপরিবহণ ব্যবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা৷
৪) দোকানে ভলান্টিয়ারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা থাকতে হবে৷ দোকানের সামনে ১ মিটার-এর কম জায়গা থাকলে একজন ক্রেতা এবং ১ মিটারের বেশি এবং ২ মিটারের কম জায়গা থাকলে দুইজন ক্রেতাকে একসাথে ঢুকতে দেওয়া যাবে৷ বাকিরা ১ মিটার দূরত্ব বজায় রেখে পিছনে দাঁড়াবেন৷ ক্রেতা-বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান করতে হবে৷
মাস্ক পরিধানের নিয়ম ভঙ্গ করলে প্রথমবারে ২০০ টাকা এবং পরবর্তী প্রতিবারে ৪০০ টাকা জরিমানা হবে৷ পাবলিক প্লেস, দোকানে এবং যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১,০০০ টাকা জরিমানা হবে৷ হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করলেও ১,০০০ টাকা জরিমানা হবে৷ এসমস্ত নিয়ম ভঙ্গ করলে আই পি সি-র ১৮৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলেও গণ্য করা হবে৷

