গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ নদের জলস্তর ৬ সেন্টিমিটার হ্ৰাস পেলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় এবং তৃতীয় দিন অৰ্থাৎ মঙ্গল ও বুধবার রোদ দেওয়ার ফলে জলের স্তর কিছুটা কমেছে। তবে এখনও প্ৰায় এক মিটার ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে নদের জল।
মহানগরে ব্ৰহ্মপুত্ৰের বিপদসীমা ৪৯.৬৮ মিটার। মঙ্গলবার দিনের বেলা নদে জলের স্তর বেড়ে হয়েছিল ৫০.৭৫ মিটার। আজ অৰ্থাৎ বুধবার ৬ সেন্টিমিটার কমে হয়েছে ৫০.৬৯ মিটার।
এদিকে নদের জলস্তর বাড়ার ফলে মহানগরের লাচিতঘাট, চন্দ্ৰপুর, উজানবাজার অঞ্চল জলে প্লাবিত হয়ে গেছে। নদের জল বাড়ার ফলে নদী, উপনদীগুলিও ফুলেফেঁপে উঠেছে। মহানগরের ভরলু নদী, মরা ভরলু নদীর জলের স্তরও বেড়েছে। অন্যদিকে বাহিনী নদীর জলস্তর বিপদসীমার ২ সেন্টিমিটার নীচে দিয়ে প্ৰবাহিত হলেও বুধবার জলস্তর ৪৮ সেন্টিমিটার বেড়েছে।



















