আগামী সপ্তাহ থেকে মহারাজগঞ্জ বাজার বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ আগরতলার মহারাজগঞ্জ বাজার আগামী সপ্তাহ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে৷ এছাড়া, হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকেও বর্তমান সময় থেকে দুই ঘণ্টা বাড়ানো হয়েছে৷ অন্যান্য বাজার নিয়মিতভাবেই চলবে৷


আজ শুক্রবার মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত রাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রেবতীমোহন দাস, বিধায়ক আশিসকুমার সাহা এবং ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ ত্রিপুরায় করোনা ভাইরাসের সংক্রমণ দিনের-পর-দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে রাজ্যের ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

এদিনের বৈঠকে ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যবসা চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন৷ কোনও ক্রেতা মাস্ক না পরে আসলে তার কাছে কোনও ধরনের পণ্য সামগ্রী বিক্রি করা হবে না বলেও স্থির হয়েছে৷ বৈঠক শেষে বিধায়ক আশিসকুমার সাহা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারকে সহযোগিতা করতে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রয়াস নেওয়া হয়েছে৷ রাজ্যের সর্বত্র ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সাধনের উপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷


ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় জানিয়েছেন, করোনা- যোদ্ধা হিসেবে ব্যবসায়ীদের সম্মানিত করার চিন্তাভাবনা চলছে৷ কারণ, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকারের সাথে ব্যবসায়ীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷