নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রাজ্যে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,এদিন ১৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৩১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিকে, করোনা আক্রান্ত রোগীদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলেন একাংশ রোগীর পরিজনরা৷ এই অভিযোগ এনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন তারা৷ তাতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে সোনামুড়ায়৷
সোনামুড়ার করোনা আক্রান্ত রোগীদের কোভিড ১৯ কেয়ার সেন্টারে নিয়ে যেতে দিচ্ছেনা তাদের অভিভাবকরা৷ আক্রান্ত রোগীদের প্রতি স্বাস্থ্য দপ্তরের অবহেলার অভিযোগ এনেই রীতিমত আন্দোলনে নেমেছে সোনামুড়ার করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের লোকেরা৷
সোমবারে রিপোর্ট বের হওয়া ৩২ জন পজিটিভ রোগীর অনেকেই এখনও রয়ে যায় বিভিন্ন সুকলের প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারে৷ মঙ্গলবারের পজিটিভ রোগীরাও রয়ে যায় সুকলগুলোতে৷ সেগুলোকে ঘিরে রেখেছে শত শত অভিভাবক৷ তাদের দাবী গত কয়েক দিন ধরে করোনা রোগীর সঙ্গে বহিঃ রাজ্য থেকে আসা শত শত যুবক ছিল, তাদের আলাদা করা হয়নি৷ এগুলোতে সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে সোনামুড়ায়৷
এই কারণেই জটিল অবস্থা সৃষ্টি হয়েছে৷আক্রান্ত রোগীদের আটক করে প্রতিবাদে সামিল হয়েছে জনতা৷ পুলিশ টি এস আর লাগিয়েও ব্যার্থ হচ্ছে প্রশাসনিক কর্তারা৷ কয়েক দফায় লাঠি চার্জ করেও ক্ষুব্ধ অভিভাবক তথা এলাকাবাসীর হাত থেকে দূর্গাপুর প্রাতিষ্ঠানিক কোয়ারেণ্টাইন সেন্টারকে ঘেরাও মুক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন৷ ভেস্তে যায় কয়েক দফা আলোচনা৷ যদিও মধ্যরাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গিেেয়ছে৷

