করোনা আক্রান্ত হয়েই ফিরতে পারেন রাজ্যের নাগরিকরা, সতর্ক করে মুখ্যমন্ত্রী বললেন এখনই অগ্ণিপরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ কিছুদিনের মধ্যেই বিমান, ট্রেন ও সড়কপথে বহিঃরাজ্য থেকে ৪০ থেকে ৫০ হাজার রাজ্যের নাগরিকরা ফিরে আসবেন৷ তাদের সাথে নিশ্চিতভাবে আসতে পারে করোনা আক্রান্তরাও৷ তাই এখনই রাজ্যবাসীকে সতর্কতার সঙ্গে করোনা প্রতিরোধে সদর্থক ভূমিকা নিতে হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, এখনই আমাদের করোনার বিরুদ্ধে লড়াইয়ের অগ্ণিপরীক্ষা৷


তিনি বলেন, যারা বহিঃরাজ্য থেকে ফিরবেন তাদের রাজ্য সরকার পাঁচ জনে এক জন অনুপাতে কোভিড ১৯ এর নমুনা পরীক্ষার ব্যবস্থা করেছে৷ তা অন্যান্য রাজ্যের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ এই প্রসঙ্গে তিনি বিহারের উদাহরণ টেনে বলেন, সেরাজ্যে ২ লক্ষ এর মত পরিযায়ী নাগরিকরা ফিরে গেছেন৷ অথচ নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ১৯০০৷ সেই তুলনায় ত্রিপুরায় ৫০ রাজ্যের সাধারন নাগরিকদের, আর ৫০ বহি:রাজ্য থেকে আগতদের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যের পক্ষেই সবার নমুনা পরীক্ষা করা সম্ভব নয়৷


মুখ্যমন্ত্রী এদিনের ভিডিও বার্তায় কোভিড ১৯ মোকাবেলায় রাজ্যস্তরে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও অবহিত করেন৷ এতে রাজ্যস্তর, জেলা ও নগর স্তরের পাশাপাশি পঞ্চায়েত ও ভিলেজ স্তরের কমিটিগুলির গুরুদায়িত্ব পালনের আহ্বান রাখেন তিনি৷ কিছুদিনের মধ্যেই বহিঃরাজ্যে আটকে থাকা বিশাল অংশের নাগরিকরা রাজ্য ফিরে আসবেন৷ তারা বাড়ি ফিরলেই ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে হবে৷ এতে অগ্রণী ভূমিকা নিতে হবে গ্রাম কমিটিগুলিকেই৷ যেসব এলাকায় এখনো কমিটি গঠন করা হয়নি, সেখানে দ্রুত কমিটি গঠন করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


কোন পরিবারে যদি কেউ বহিঃরাজ্য থেকে আসে, তখন পুরো বাড়িকেই কোয়ারেন্টাইনে থাকতে বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন কোয়ারেন্টাইনে থাকাকালীন কোন অসুবিধা হলে টেলিফোনের মাধ্যমে নিকটজন, এমনকি পাড়াপড়শির সাহায্য নিতে, তবুও যাতে বাড়ির বাইরে বের না হন৷
বিগত দিনে রাজ্যবাসী যেভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহযোগিতা করেছে তার জন্য মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তিনি আগামী এক দেড় মাস সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান রাখেন৷


মুখ্যমন্ত্রী এদিনের ভিডিও বার্তায় আরও বলেন, এই সময়ে সবাইকে কাজ করতে হবে, আবার করোনাকে বিতাড়িতও করতে হবে৷ সবাইকে লক্ষ্য রাখতে হবে করোনা সংক্রমণ যাতে কোনোভাবেই কমিউনিটিতে ছড়িয়ে না পড়তে পারে৷ তাই সবাইকে ঘুম থেকে উঠেই হোম কোয়ারেন্টাইন শব্দটা স্মরণ করার পরামর্শ দেন তিনি৷