নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নাম বদলাচ্ছে ফায়ার সার্ভিস-এর৷ কাজের সাথে সামঞ্জস্য রেখে নতুন নামকরণ হচ্ছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস৷ আজ মঙ্গলবার ত্রিপুরা মন্ত্রিসভা এই নতুন নামকরণে অনুমোদন দিয়েছে৷
এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ফায়ার সার্ভিস-এর নাম পরিবর্তনে নতুন নীতি প্রণয়ন করা হয়েছে৷ তাতে ওই নাম বদলে হবে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস৷ তাঁর কথায়, ফায়ার সার্ভিস-এর কর্মীরা শুধু আগুন নেভানোর কাজে নয়, বিভিন্ন ক্ষেত্রে তাঁদের নিয়োজিত থাকতে হচ্ছে৷ তিনি বলেন, দুর্ঘটনা, দুযর্োগ মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রেও ফায়ার সার্ভিস-এর কর্মীরা সহায়তায় এগিয়ে যান৷
কিন্তু, নাম শুনে মনে হয়, তাঁরা শুধু আগুন নিয়ন্ত্রণের দায়িত্বেই নিয়োজিত রয়েছেন৷ তাই নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা বোধ করা হচ্ছে৷
শিক্ষামন্ত্রী বলেন, কাজের সাথে সামঞ্জস্য রেখেই নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ তাঁর দাবি, খুব শীঘ্রই নতুন নামের বিজ্ঞপ্তি জারি হবে৷

