নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ অপরাধ এখন লকডাউন মানতে চাইছে নাঊ মাঝে কিছুদিন শান্তিতেই ছিলেন ত্রিপুরাবাসী৷ কিন্ত, গত রাতে আগরতলা শহরের গান্ধীঘাট এলাকায় দু-দুটি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে৷ ওই ঘটনায় দোকান মালিকরা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন৷
ঘটনা সম্পর্কে দোকান মালিক কমলচন্দ্র দাস জানিয়েছেন, গতকাল রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানের প্রচুর সামগ্রী চুরি হয়েছে৷ তাঁর দাবি, তেল, মশলা, বিসুকট চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ তিনি বলেন, লকডাউনের জন্য পুলিশের টহলদারি কঠোর হওয়ার বদলে গান্ধীঘাট এলাকায় ছিল কম৷ সেই সুযোগেই চোরেরা চুরি করে পালিয়েছে৷
অপর দোকান মালিক সঞ্জিত পালের স্ত্রী বলেন, গতকাল প্রচুর জিনিস দোকানে এনে মজুত রেখেছি৷ কারণ, লকডাউনের জন্য খুচরো জিনিস সবসময় পাওয়া যায় না৷ তাই, বিসুকট-সহ অন্যান্য জিনিস এনে মজুত করেছিলাম৷ কিন্ত দোকানের পেছনের দরজা ভেঙে সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে৷ তিনিও পুলিশের টহলদারি নিয়ে অভিযোগ এনেছেন৷ একই রাতে দুই দোকানে চুরির ঘটনা আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ণ তুলেছে৷ বিশেষ করে লকডাউনে এ ধরনের অপরাধ শহরবাসীকে দুঃশ্চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে৷

