নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ এবার করোনা মোকাবিলায় ত্রাণ স্বরূপ দুটি লক্ষ্মীভাণ্ডার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে৷ রাজ্যের দুই শিশু কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে ওই লক্ষ্মীভাণ্ডার তুলে দিয়েছে৷ বৃহস্তপিতাবার সকালে কৃষিমন্ত্রী ওই দুটি লক্ষ্মীভাণ্ডার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন৷ এ-বিষয়ে মুখ্যমন্ত্রী ফেসবুকে ওই দুই শিশুর প্রশংসা করেছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রণজিৎ সিংহরায় আজ দু’’টি লক্ষ্মীভাণ্ডার আমার হাতে তুলে দিয়েছেন৷ তিনি বলেন, সম্প্রতি ত্রাণ-সাহায্য বিতরণ করার সময়, ধবজনগরের ৫ বছর বয়সি তিতাস দেবনাথ এবং পঞ্চম শ্রেণির ছাত্র অগ্ণিভ দত্ত নিজেদের জমানো এই লক্ষ্মীভাণ্ডার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করার জন্য কৃষিমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল৷ মুখ্যমন্ত্রী তাদের এই ভাবনাকে অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি এ ধরনের মানসিকতা গড়ে তোলার জন্য অবিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এই সেবামূলক মানসিকতা ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন৷ তিনি প্রশংসা করে বলেন, এই মহামারি পরিস্থিতিতে এভাবে রাজ্যের খুদে ভবিষ্যৎ প্রজন্মের এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক৷

