সাংসদ, বিচারপতি, বিধায়কসহ বহুজনের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে৷ স্বাভাবিকভাবেই, অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে৷ তাই এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এলেন ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ত্রিপুরা সরকারকে ৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছেন৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধও এক মাসের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন৷ এদিকে, ব্যাংক কর্মী সঞ্চিতা দাস বৃহস্পতিবার তাঁর এক মাসের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন৷ এভাবে অনেকেই এই মহামারির পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়েছেন৷


সারা দেশের সাথে ত্রিপুরায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন চলছে৷ ফলে, দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে৷ তেমনি, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুরক্ষা কিটেরও ঘাটতি দেখা দিয়েছে৷ আজ সাংসদ প্রতিমা ভৌমিক পশ্চিম জেলাশাসকের হাতে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন৷ এ-বিষয়ে প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের এই পরিস্থিতি মোকাবিলায় একজোট হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন৷ তারই ক্ষুদ্র প্রয়াস হিসেবে আজ সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দান করেছি৷


সাংসদ বলেন, সদর জেলা ২৫ লক্ষ টাকা, সিপাহিজলা জেলা ১৪ লক্ষ টাকা, গোমতি জেলা ৬ লক্ষ টাকা এবং দক্ষিণ জেলায় ৫ লক্ষ টাকা সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দান করেছেন৷ তাঁর দাবি, স্বাস্থ্য পরিষেবায় নিযুক্তদের প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কেনার জন্যই এই আর্থিক সহায়তা৷
তিনি আরও জানান, সাধারণ মানুষ আজ কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ব্যাংক কর্মী সঞ্চিতা দাস আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাঁর এক মাসের বেতন দান করেছেন৷ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমা ভৌমিক৷


এদিকে, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন দান করেছেন৷ মুখ্যমন্ত্রীর ওএসডি-র হাতে তিনি এই চেক তুলে দিয়েছেন৷ একইভাবে, করোনা ভাইরাস মোকাবিলায় আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে এয়ারপোর্ট অথরিটিও৷ আগরতলা এমবিবি বিমানবন্দরের অধিকর্তা ভি কে শেঠ সিএসআর কার্যক্রমের অধীনে ১০ লক্ষ টাকার চেক পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন৷ এদিকে, বিধায়ক সুরজিৎ দত্ত, সুশান্ত চৌধুরীও এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷