নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ রাঙ্গামুড়ায় যুবতীকে গণধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত সৌরভ পালকে রবিবার আদালতে তোলা হয়৷ আাদলত সৌরভ পালকে সাত দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেন৷ সিধাই থানার পুলিশ সৌরভ পালকে শুক্রবারই আটক করেছিল৷ শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ রবিবার সকালে তাকে আগরতলায় আদালতে নিয়ে আসে সিধাই থানার পুলিশ৷ পুলিশের তরফ থেকে আদালতের কাছে রিমান্ডের আর্জি জানানো হয়েছিল৷ সেই মোতাবেক আদালত সৌরভ পালকে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন৷
উল্লেখ্য, গত ১২ মার্চ মন্টি দেব নামে ২২বছরের যুবতিকে হত্যা করে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল৷ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় ভারতীয় দন্ডবিধির ৩৬৪/৩০২/৩৭৬(ডি)/২০১/৩৪ আইপিসিতে মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ উদ্ঘাটনের চেষ্টা শুরু করেছে৷
এদিকে, রাজ্যের আইনমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতনলাল নাথ রবিবার অভিশপ্ত রাঙাছড়া এলাকা সফর করেছেন৷ সফরকালে নিহতের মা সহ পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন৷ আইনমন্ত্রীর সঙ্গে বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহাও এলাকা পরিদর্শন করে দলের পক্ষ থেকে পরিবারকে সবধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন৷ সিধাই মোহনপুরের রাঙাছড়ায় ২২ বছর বয়সী যুবতীকে হত্যা ও অগ্ণিদগ্দ করার তিনদিন পর রবিবার রাজ্যের আইনমন্ত্রী তথা মোহনপুরের স্থানীয় বিধায়ক রতন লাল নাথ এলাকা সফর করলেন৷
সফরকালে নিহতের পরিবারের সঙ্গে কথা বলার সময় রাজ্য সরকারের তরফে পরিবারকে সবধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী৷ তিনি বলেন, ঘটনা খুবই মর্মান্তিক৷ তিনি সংশ্লিষ্ট পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন৷ মামলার তদন্তের স্বার্থে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী৷ তিনি বলেন, পুলিশ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করবে৷ অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে৷ শুধু তদন্তকার্যে নিরপেক্ষতা নয়, বিচার কার্যেও যাতে কেউ কোন ধরনের প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করা হবে৷ নিরপেক্ষ আইনজীবী নিয়োগ করা হবে৷ রাজ্য সরকার এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন৷
সরকারের পাশাপাশি প্রত্যেক গ্রামবাসীকে ওই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে রতনবাবু আহ্বান জানিয়েছেন৷ বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে৷ শোকাহত পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন৷ দোষীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করতে তিনি রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ দলের পক্ষ থেকে পরিবারটিকে সবধরনের সহযোগিতা করা হবে বলেও জানান বিজেপির প্রদেশ সভাপতি৷ যুবতি হত্যা কাণ্ডের ঘটনাকে পঁুজি করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করেন সে বিষয়েও আইনমন্ত্রী সকলকে সতর্ক করেছেন৷
নিবার মোহনপুরের রাঙাছড়ায় অগ্ণিদগ্দ হয়ে মৃত মন্টি দেবের পরিবারের সঙ্গে রাজ্য মহিলা কংগ্রেসের নেত্রীরা সাক্ষাত করতে গেলে কতিপয় দুস্কৃতিদের হাতে লাঞ্ছিত হয়৷ এরই প্রতিবাদে রবিবার রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ মহানির্দেশকের নিকট অগ্ণিদগ্দ করে যুবতি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মহিলা কংগ্রেস নেত্রীদের হেনস্থাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এক ডেপুটেশান প্রদান করা হয়৷ এই প্রসঙ্গে বলতে গিয়ে পুরনিগমের কাউন্সিলর রত্না দত্ত বলেন এধরনের ঘটনা গনতন্ত্রকে ধবংসের পরিচয় বহন করে৷

