চাঁদার হুমকি এনএলএফটির ধৃত দুই জঙ্গি জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ অস্ত্রের মুখে চাঁদা সংগ্রহের হুমকিকে ঘিরে পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র দুই সদস্যকে গ্রেফতার করেছে৷ আদালত আজ তাদের ২৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷


এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর বলেন, গত ৪ ফেব্রুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলার রাধাপুর থানাধীন কামিনী দেববর্মার রবার বাগানে অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজনকে চাঁদা সংগ্রহের হুমকি দিয়েছিল এনএলএফটি জঙ্গিরা৷ ওই ঘটনায় রাধাপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ গত ১২ মার্চ পুলিশ মঞ্জিন দেববর্মা নামের এক জঙ্গিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায়৷ আদালত ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল৷ বিদ্যুৎবাবু বলেন, মঞ্জিন দেববর্মাকে জেরা করে পুলিশ আরও এক জঙ্গি বিশ্বজিৎ দেববর্মার হদিশ পায়৷

আজ শনিবার তাকেও পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে৷ তিনি বলেন, পুলিশ আজ আদালতে মঞ্জিন দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মার রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ কিন্তু আদালত আগামী ২৪ মার্চ পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে৷ তিনি বলেন, আদালত জেল হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদের পুলিশকে অনুমতি দিয়েছে৷
বিদ্যুৎ সূত্রধর বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০ বি, ১২১, ১২২ এবং ১২৪ এ ধারায় মামলা রুজু করেছে৷