টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন বক্সার মেরি কম

নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : কোয়ার্টার ফাইনাল জিতে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (৫১ কেজি)। তাঁর পাশাপাশি, সেমিফাইনালে উঠে সেই ছাড়পত্র নিশ্চিত করে নিলেন আর এক ভারতীয় মহিলা বক্সার সিমরনজিৎ কৌর (৬০ কেজি) এবং পুরুষ বিভাগের অমিত পাঙ্ঘলও (৫২ কেজি)।

জর্ডনের রাজধানী আম্মানে বাছাই পর্বের প্রতিযোগিতায় রবিবার অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন ভারতের পাঁচ বক্সার। সোমবার মেরি, সিমরনজিৎ ও অমিত যোগ্যতা অর্জন করায় সেই সংখ্যা হল আট। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মেরি জিতেছেন ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে। এই ম্যাচের ফল ৫–০। এই একই ফলে মঙ্গোলিয়ার নামউন মনখোরের বিরুদ্ধে রিংয়ে ঝড় তুলে সেমিফাইনালে যান সিমরনজিৎ। আর অমিত ফিলিপিন্সের কার্লো পালামকে হারান ৪–১ ফলে।
মহিলাদের বক্সিং মহলে ম্যাগনো পরিচিত তাঁর আগ্রাসনের জন্য। কিন্তু ৩৭ বছরের মেরি সোমবার তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথম রাউন্ড থেকে দুর্দান্ত প্রতি আক্রমণে ম্যাগনোকে কোণঠাসা করে দেন। মেরি অলিম্পিকের যোগ্যতা অর্জনের পরে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইট করেন, ‘ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। কিংবদন্তি ভারতীয় বক্সার মেরি কম টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করলেন। দারুণ জয়। অভিনন্দন।’ যাঁকে নিয়ে ক্রীড়ামন্ত্রীর এই উচ্ছ্বাস। সেই মেরি টুইট করে তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, ‘অপমানই কর্তৃত্বের সিঁড়ি তৈরি করে।’ সেমিফাইনালে মেরি কম খেলবেন চিনেরই ইউয়ান চ্যাংয়ের বিরুদ্ধে।