নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে বিজেপি প্রার্থী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি আট রাজ্যের ৯টি রাজ্যসভার আসনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
বুধবার জগত প্রকাশ নাড্ডার উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেস আর আগের মতো নেই। জনগণের সেবা না করে হতাশায় ভুগছিলাম। দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই নিরাপদ।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়। প্রার্থীদের নাম ঠিক করার জন্য সেই বৈঠকে ছিলেন বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সহ অন্যান্য নেতারা।
বৈঠকের পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিহারে বিবেক ঠাকুর, অসমে ভুবেনেশ্বর কলিতা, গুজরাটে অভয় ভরদ্বাজ, রমিলাবেন বারা, ঝাড়খন্ডে দীপক প্রকাশ, মহারাষ্ট্রে উদয়না রাজে ভোসলে, রাজস্থানে রাজেন্দ্র গেহলট, মণিপুরে লিয়সেবাং মহারাজা।



