নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় (শহর) সাফল্যের নিরিখে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চল এবং পাহাড়ি রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে৷ তেমনি, সারা দেশের মধ্যে তামিলনাড়ুর পর ত্রিপুরা ওই যোজনা বাস্তবায়নে দ্বিতীয় দখল করেছে৷ এখন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (শহর) ৫২ কোটি ২২ লক্ষ টাকা কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ত্রিপুরার জন্য মঞ্জুর করেছে৷
ত্রিপুরায় ২০টি নগর সংস্থা এলাকায় ঘর নির্মাণে সহায়তা মিলবে৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য ৭৭,৩৭৯টি-র অধিক ঘরের অনুমোদন দিয়েছে৷ তার মধ্যে ৩২,৫১৭ ঘর নির্মাণ হয়ে গেছে৷ অবশিষ্ট ৪৪,৮৬২টি ঘর নির্মাণে বিভিন্ন স্তর সমাপ্ত হয়েছে৷২০১৯ সালের ডিসেম্বরে ত্রিপুরা সরকার ওই যোজনায় ৫৯ কোটি টাকা পেয়েছিল৷
গত দুই মাসে ওই অর্থ সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ত্রিপুরা সরকারের নগরোন্নয়ন দফতরের দাবি, ওই যোজনায় ঘর নির্মাণে উত্তর-পূর্বাঞ্চল এবং পাহাড়ি রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম এবং দেশের মধ্যে তামিলনাড়ুর পর দ্বিতীয় স্থানে রয়েছে৷

