পাতিদার আন্দোলন মামলা : সুপ্রিম কোর্টে হার্দিকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল| ২০১৫ সালে গুজরাটের আহমেদাবাদে পাতিদার আন্দোলন মামলায়, শুক্রবার হার্দিককে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট| আগামী ৬ মার্চ পর্যন্ত হার্দিককে স্বস্তি দিয়েছে সর্বোচ্চ আদালত| অর্থাত্ আগামী ৬ মার্চ পর্যন্ত হার্দিককে গ্রেফতার করা যাবে না| এছাড়াও হার্দিক প্যাটেলের আবেদনের প্রেক্ষিতে গুজরাট সরকারকে নোটিশ পাঠিয়েছে বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি বিনীত সরণের বেঞ্চ|

শুক্রবার শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ২০১৫ সালে এই মামলা দায়ের করা হয়েছিল| তদন্ত এখনও চলছে, আপনারা পাঁচ বছর ধরে মামলা চালিয়ে যেতে পারেন না| উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হার্দিক প্যাটেলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল গুজরাট হাইকোর্ট| এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হার্দিক| সংরক্ষণের দাবিতে, ২০১৫ সালে হার্দিক প্যাটেলের নেতৃত্বে আহমেদাবাদে বিরাট মিছিল করেছিল পাতিদার অনামত আন্দোলন সমিতি| পুলিশের অনুমতি ছাড়াই জমায়েত করায়, ‘অবৈধভাবে জমায়েত’ করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল|