নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ পঞ্চদশ অর্থ কমিশনে প্রস্তাবিত অর্থরাশি হাতে এলেই ভিজন ডকুমেন্টে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দেওয়া হবে এরিয়ার-সহ যাবতীয় সুযোগ-সুবিধা৷ সামাজিক ভাতাও করা হবে ২,০০০ টাকা৷ বৃহস্পতিবার রানিরবাজারে লংতরাই ত্রিপুরা স্টেট অ্যা থলেটিক্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মুখ্যমন্ত্রীর কথায়, দল-মতের ঊধর্ে ওঠে সমস্ত সুযোগ-সুবিধা যাতে সবাই পায়, সেই লক্ষ্যে সরকার ১০০ শতাংশ সাফল্য পেতে কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে রানিরবাজার এলাকার বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, খুব কম সময়ের মধ্যেই রানিরবাজারে তৈরি করা হবে মহকুমা হাসপাতাল৷ কলেজ নির্মাণেও জমির বন্দোবস্ত করেছে সরকার৷ তিনি বলেন, ত্রিপুরায় নতুন সরকার আসার পর প্রত্যেকটি দফতরকে নতুনভাবে সাজিয়ে কাজ করার চেষ্টা হচ্ছে৷ তাঁর দাবি, এই সময়ে ক্রীড়া ক্ষেত্রকেও গুরুত্ব দেওয়া হয়েছে৷ ১,১০০টি ক্লাবকে দেওয়া হয়েছে সাড়ে আট হাজার টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী৷ যাতে গ্রামের ছেলে-মেয়েরা খেলাধুলার প্রতি মনোযোগী হন৷ এতে ড্রাগসের নেশা থেকে ফিরে আসবে যুবসমাজ, মনে করেন তিনি৷
মুখ্যমন্ত্রী গুণগত শিক্ষার প্রসারে সরকারের ২১টি নতুন পদক্ষেপের কথাও তুলে ধরেন আজ৷ গুণমানসম্পন্ন শিক্ষার কথা বলতে গিয়ে তিনি ১,১৬,০০০ জন টেট পরীক্ষার্থীর মধ্যে ১,২০০ কৃতকার্য হওয়ার বিষয়টিও টেনে আনেন৷ ড্রাগসের বিরুদ্ধে নিজের অবস্থানকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী বলেন, ’প্রত্যেক মা বাবা চান তাঁদের ছেলেমেয়ের ফুটবল-ক্রিকেটের প্রতি নেশা হোক৷ হোক অ্যাথলেটিক্সের প্রতি ঝেঁক৷ ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করতেই ত্রিপুরার ক্রীড়া দফতর কাজ করে যাচ্ছে৷ এই প্রসঙ্গে তিনি অনূর্ধ সতেরো রাজ্য ফুটবল মহিলা ও পুরুষ দলের দারুণ সাফল্যের কথাও উল্লেখ করেন৷ বর্তমান সরকারের প্রচেষ্টাতেই ক্রীড়াক্ষেত্রে রাজ্যে আমূল পরিবর্তন এসেছে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী৷

