News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তিযোদ্ধাদের পরম মিত্র ছিলেন ডাঃ রথীন দত্ত, শোক প্রকাশ বাংলাদেশ হাইকমিশন সহ অনেকের
Image

মুক্তিযোদ্ধাদের পরম মিত্র ছিলেন ডাঃ রথীন দত্ত, শোক প্রকাশ বাংলাদেশ হাইকমিশন সহ অনেকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ মুক্তি যোদ্ধাদের পরমমিত্র ডা. রথীন দত্তের প্রয়াণে শোক প্রকাশ করেছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন৷ তেমনি, প্রথিতযশা চিকিৎসককে চিকিৎসাজগত ছাড়াও ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তার তথ্য তুলে ধরেছেন জনৈক ক্রীড়া ব্যক্তিত্ব বিমল রায় চৌধুরী৷ তাছাড়া তাঁর কর্মজীবনে সংঘটিত একের পর এক কঠিন পরিস্থিতির তথ্য তুলে ধরেছেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. সুরজিৎ দাস৷ ডা. দাস দীর্ঘ ১৪ বছর প্রয়াত ডা. রথীন দত্তের সঙ্গে কাজ করেছেন৷


মঙ্গলবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রথিতযশা শল্য চিকিৎসক ডা. রথীন দত্তের প্রয়াণে শোক প্রকাশ করেছে৷ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব তথা দূতালয়-প্রধান মহম্মদ জাকির হুসেন ভুঞা এক শোকবার্তায় বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ডা. রথীন দত্ত আগরতলার জিবি হাসপাতালে কর্মরত ছিলেন৷ সে সময় শত শত আহত মুক্তিযোদ্ধার চিকিৎসা পরিষেবা দিয়ে বাঁচিয়ে তুলেছিলেন তিনি৷ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তিনি বহু সাধারণ মানুষেরও প্রাণ তিনি বাঁচিয়েছেন৷ জাকির হুসেন বলেন, ওই সময় প্রয়াত ডা. দত্ত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেছিলেন৷ তাঁর ওই অসামান্য স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১২ সালে তাঁকে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননা প্রদান করেছে৷ তিনি আরও বলেন, প্রয়াত ডা. দত্তের বিশাল অবদানের কথা বহু মুক্তিযোদ্ধার স্মৃতিকথায় উল্লেখ রয়েছে৷


এদিন আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটী চাকমা, প্রথম সচিব ও দূতালয় প্রধান মহম্মদ জাকির হুসেন ভুঞা, প্রথম সচিব স্থানীয় এস এম আসাদুজ্জামান এবং এই মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী ডা. রথীন দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহি আত্মার সদগতি কামনা করেছেন৷ পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করেছেন তাঁরা৷


আগরতলার জনৈক ক্রীড়া ব্যক্তিত্ব বিমল রায়চৌধুরী প্রয়াত ডা. রথীন দত্তকে চিকিৎসকের তুলনায় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে অধিক জনপ্রিয় ছিলেন বলে দাবি করেছেন৷ তিনি বলেন, প্রয়াত ডা. দত্ত ভীষণ ক্রীড়াপ্রেমী ছিলেন৷ ১৯৬৬ সালে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার জন্য তিনি গাড়ি বিক্রি করে টিকিট কিনেছিলেন৷ ত্রিপুরায় থাকাকালীন তিনি ক্রীড়াজগতের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছিলেন৷ বিমলবাবু জানান, প্রয়াত ডা. দত্ত ত্রিপুরা স্পোর্টস মেডিসিনের সদস্য ছিলেন৷ এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে তাঁর আত্মার সম্পর্ক ছিল৷ ক্রীড়া ব্যক্তিত্বরাও তাঁকে ভীষণ আপন করে নিয়েছিলেন৷ তাই তাঁর প্রয়াণে ক্রীড়াজগত এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে বলে মনে করেন তিনি৷


এদিকে ডা. রথীন দত্তের প্রয়াণে আক্ষরিক অর্থে একজন অভিভাবক হারালেন বলে শোক ব্যক্ত করেছেন প্রয়াতের অন্যতম সহযোদ্ধা ডা. সুরজিৎ দাস৷ আজ তিনি কর্মজীবনে প্রয়াত প্রথিতযশা চিকিৎসকের সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ডা. দাস৷ তিনি বলেন, কঠিন পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করার ক্ষমতা রাখতেন ডা. দত্ত৷ সে-কথা অকপটে স্বীকার করে ডা. সুরজিৎ বলেন, সময়ানুবর্তিতা ডা. দত্তের জীবনে প্রাধান্য ছিল৷ কারণ, তিনি বিশ্বাস করতেন রোগীর চিকিৎসায় একমিনিট দেরি করা মোটেও উচিত নয়৷ তাই তিনি সময়ের আগেই হাসপাতালে পৌঁছে যেতেন৷ শুধু তা-ই নয়, নিজের চোখে দেখেছেন, রাত জেগে দিনের পর দিন জটিল রোগীর চিকিৎসা করেছেন প্রয়াত স্যার৷ ডা. দাস বলেন, সেবামূলক মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ডা. রথীন দত্ত৷


ডা. দাসের কথায়, তৎকালীন সময়ে উন্নত চিকিৎসা পরিকাঠামো ছাড়া বহু জটিল রোগের চিকিৎসা করে খ্যাতির দৃষ্টান্ত রয়েছে ডা. রথীন দত্তের৷ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একটানা ৭২ ঘণ্টা হাসপাতালে অবস্থান করে রোগীর চিকিৎসা করেছেন তিনি৷ শত শত রোগী তাঁর চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন৷ তেমনি এক দৃষ্টান্ত তুলে ধরে ডা. দাস জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় জনৈক বাংলাদেশি মহিলার চিকিৎসা করেছিলেন প্রয়াত ডা. দত্ত৷ তাঁর গোপনাঙ্গে মারাত্মক আঘাত লেগেছিল৷ ডা. দত্তের চিকিৎসায় ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷

২০১২ সালে বাংলাদেশ সরকারের সম্মাননা গ্রহণ করতে গেলে ওই মহিলা সশরীরে অনুষ্ঠানস্থলে গিয়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন৷ মহিলাটি তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় তাঁর চিকিৎসায় তিনি সুস্থ হয়েছিলেন৷ আজ স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার করতে পারছেন তাঁর দৌলতে৷ ডা. সুরজিৎ বলেন, এ-তো নেহাত কম, এ ধরনের হাজারো ঘটনার কাণ্ডারি ছিলেন ডা. রথীন দত্ত৷ ত্রিপুরার চিকিৎসাক্ষেত্রে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিশ্বাস করেন প্রয়াতের সহকর্মী ডা. দাস৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top