News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে ত্রিপুরায়, স্থায়ী সমাধানে স্বাক্ষরিত চুক্তি
Image

ব্রু শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে ত্রিপুরায়, স্থায়ী সমাধানে স্বাক্ষরিত চুক্তি

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : দুই দশকেরও অধিক সময় ধরে ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থী সমস্যা অবশেষে স্থায়ী সমাধানের পথে এগিয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তাদের অন্ন, বাসস্থান, কৃষিজমি এবং আর্থিক সহায়তা দেওয়া হবে৷ শুধু তা-ই নয়, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী নাগরিক হিসেবে ভোটার তালিকায়ও সংযোজন করা হবে৷

ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন প্রক্রিয়া প্রত্যেকবার ধাক্কা খেয়েছে৷ ইতিপূর্বে একাধিকবার ব্রু শরণার্থীদের স্বভূমে ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ সম্প্রতি ৩ অক্টোবর থেকে তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছিল৷ কিন্তু মাঝপথেই ওই প্রত্যাবর্তন প্রক্রিয়া হোঁচট খেয়েছে৷ তাঁদের বিনামূল্যে রেশন ও নগদ আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ তাই ব্রু শরণার্থীরা বিনামূল্যে রেশন ও নগদ আর্থিক সহায়তার দাবিতে টানা পথ অবরোধ কর্মসূচি পালন করেছিলেন৷ ওই আন্দোলন থামাতে গিয়ে ত্রিপুরা সরকার নিজস্ব কোষাগার থেকে তাঁদের রেশন ও আর্থিক সহায়তা বরাদ্দ করেছিল৷ কিন্তু ওই উদ্যোগ সাময়িক হওয়ায় স্থায়ী সমাধানের পথ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন৷

অবশেষে আজ বৃহস্পতিবার ওই সব ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিতে মোহর পেয়েছে৷ ব্রু শরণার্থীদের সংগঠনের নেতৃত্বরা চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ এদিন ওই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মিজোরামের মুখ্যমন্ত্রী পু জোরামথাঙ্গা, ত্রিপুরার রাজস্বমন্ত্রী এনসি দেববর্মাও৷

চুক্তি অনুযায়ী প্রত্যেক ব্রু শরণার্থী পরিবারকে ৪০x৩০ ফিট ঘর নির্মাণের জন্য জমির বন্দোবস্ত এবং নগদ ৪ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে৷ সাথে প্রত্যেক পরিবারকে মাসে ৫ হাজার টাকা এবং আগামী ২ বছরের জন্য বিনামূল্যে রেশন সরবরাহ করা হবে৷ এরই পাশাপাশি ঘর নির্মাণে প্রত্যেক ব্রু পরিবারকে দেড় লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে৷

ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের পুনর্বাসনে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করবে বলে চুক্তি হয়েছে৷ এর জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ৬০০ কোটি টাকার বিশেষ অনুদান দেবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টায় উত্তর-পূর্বাঞ্চলে এক নতুন প্রয়াস নেওয়া হয়েছে৷ দীর্ঘ সময়ের ব্রু শরণার্থী সমস্যা সমাধান হয়েছে৷

এতে ৩৫ সহস্রাধিক ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া হবে৷ তিনি বলেন, তাদের অন্ন এবং বাসস্থানেরও বন্দোবস্ত করা হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ত্রিপুরা সরকারকে এই পুনর্বাসন প্রক্রিয়ার জন্য বিশেষ অনুদান দেওয়া হবে৷ ত্রিপুরা ৬০০ কোটি টাকার বিশেষ অনুদান পাবে৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনজাতিদের সমস্যা সমাধানের জন্য ইতিবাচক ভূমিকায় ত্রিপুরা এবং মিজোরামের মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top