প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ এসবিআইয়ের, ১০ হাজারের বেশি তুলতে লাগবে ওটিপি

মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.) : প্রতারণার হাত থেকে গ্রাহকদের বাঁচাতে নতুন বছর থেকে আরও শক্ত হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার এসবিআই-র এটিএমে ১০ হাজার টাকা তুলতে গেলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড(ওটিপি)। রাতে এটিএমে টাকা তোলার ক্ষেত্রে এবার আর শুধু পাসওয়ার্ড দিলেই হবে না। মোবাইল ফোনে আসা ওটিপি দিলেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

আগামী ১ জানুয়ারি থেকে ওটিপি নির্ভর টাকা তোলার ব্যবস্থা চালু হচ্ছে দেশের সবকটি এসবিআই এটিএমে। রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত কার্যকর থাকবে এই ব্যবস্থা। এটিএমে টাকা তুলতে গেলে আগের মতোই পাসওয়ার্ড দিতে হবে গ্রাহকদের। ১০ হাজারের নীচে হলে আগের মতোই টাকা তুলতে পারবেন। ১০ হাজার টাকার বেশি অর্থ তুলতে গেলে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নম্বরে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড টাইপ করতে হবে এটিএম স্ক্রিনে। শুধুমাত্র এসবিআই গ্রাহকদের ক্ষেত্রেই নিয়মটি প্রযোজ্য। এসবিআই ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএমে গেলে ১০ হাজার টাকার উপরে তুললেও ওটিপির ঝক্কি নিতে হবে গ্রাহকদের। ১ জানুয়ারি ২০২০ সাল থেকে শুরু হবে নতুন ব্যবস্থা। রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসবিআই এটিএমগুলিতে জোড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গ্রাহকদের নিরাপদ ব্যবস্থা দেওয়ার ব্যাঙ্কের লক্ষ্য বলে জানিয়েছে এসবিআই।