নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ বেপরোয়া গতি আবারও একটি তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে৷ পেছন থেকে বলেরো গাড়ির ধাক্কায় এক সুকটি আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে আমতলি বাজার সংলগ্ণ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বলেরো গাড়ির ধাক্কায় সুকটি চালক সাধন পালের (৫১) মৃত্যু হয়েছে৷

সাধন পাল একটি ইটভাট্টার ম্যানেজারের পদে কর্মরত ছিলেন৷ আজ দুপুরে টিআর ০১ একে ৬০২৫ নম্বরের সুকটিতে চেপে কুমারীটিলার বাসিন্দা সাধন পাল আমতলি যাচ্ছিলেন৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুপুর আড়াইটা নাগাদ আমতলি বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে একটি বলেরো গাড়ি প্রচণ্ড গতিতে সুকটিতে ধাক্কা মারে৷ এতে সুকটি চালক ছিটকে পড়েন৷ তখন গাড়িটি তাঁকে পিষে পালিয়ে যায়৷ স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাধনবাবু৷
দুর্ঘটনার খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধন পালকে উদ্ধার করে হাপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জনৈক প্রত্যক্ষদর্শীর কথায়, পালের মাথা ফেটে জাতীয় সড়ক রক্তে ভিজে গিয়েছিল৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান সকলের৷
এদিকে, ওই দুর্ঘটনায় স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে পড়েছিলেন৷ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল৷ স্থানীয়দের বক্তব্য, প্রায় সময় যানবাহনের অত্যধিক গতি লক্ষ্য করা যায়৷ বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটে৷ জাতীয় সড়কে যানবাহনের বেপরোয়া গতি রোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা৷ অন্যদিকে, বলেরো গাড়িটি পালিয়ে গেছে৷ পুলিশ ঘাতক গাড়িটির তল্লাশি চালিয়েছে৷
এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রী হাসপাতালে ছুটে আসেন৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷

