নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ কড়া নির্দেশ সত্বেও রেজিস্ট্রেশন করাননি এমন ই-রিক্সা ডিলার ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সাফ জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের আগেই সকলকে রেজিস্ট্রেশন করতে হবে৷ তিনি বলেন, এখনও ২৬৭৬টি ই-রিক্সা মডেল অনুমোদন নিতে পারেনি৷ তেমনি ২২৫৩টি ই-রিক্সা এখনও রেজিস্ট্রেশন করেনি৷ তাদেরকে সতর্ক করে দিয়ে পরিবহণমন্ত্রীর দাওয়াই, সময় থাকতে রেজিস্ট্রেশন করে নিন৷

আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, ই-রিক্সা ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক৷ ওই সময়সীমা আর বাড়ানো হবে না৷ তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ সত্বেও ইতিপূর্বে একাধিকবার সময়সীমা বাড়ানো হয়েছে৷ কিন্তু, সুযোগ দেওয়া সত্বেও ই-রিক্সা ডিলার ও চালকরা নির্দেশ পালন করেননি৷
এদিন তিনি জানান, গত ১২ ডিসেম্বর পরিবহণ দপ্তর ই-রিক্সা শ্রমিক সংগঠনগুলির সাথে বৈঠক করেছে৷ বৈঠকে রাজ্য সরকারের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানানো হয়েছে৷ তারা তাতে আপত্তিও করেননি৷ পরিবহণমন্ত্রীর কথায়, ই-রিক্সা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হল, বীমা করানো৷ তাতে, চালকসহ চালকের পরিবার এবং যাত্রীদের বিষয়ে ভাবা হয়েছে৷
এক তথ্য তুলে ধরে পরিবহণমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৯৭৭টি ই-রিক্সা কর প্রদান করেছে৷ এছাড়া ১৯৭৪টি ই-রিক্সাকে অস্থায়ী সার্টিফিকেট দেয়া হয়েছে৷ তিনি বলেন, এখন পর্যন্ত ৯৩৬টি ই-রিক্সা রেজিস্ট্রেশন করেছে৷ তবে, সারা রাজ্যে ৫৩৫৭টি ই-রিক্সার মধ্যে ২৬৮১টি ই-রিক্সার মডেল অনুমোদন পেয়েছে৷ কিন্তু, ২৬৭৬টি ই-রিক্সা বিক্রি হলেও তার মডেল অনুমোদন পায়নি৷ তিনি জানান, অনুমোদিত ই-রিক্সার ২২৫৩টি এখনও রেজিস্ট্রেশন বাকি রয়েছে৷

