নির্ভয়া তহবিল খরচে চরম ব্যর্থ ত্রিপুরা, আংশিক সফল অসম ও অরুণাচল প্রদেশ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : মহিলা ও শিশু কল্যাণে ত্রিপুরা সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ণ ওঠা অস্বাভাবিক নয়৷ কারণ, নির্ভয়া তহবিল ব্যবহারে ত্রিপুরা সরকারের চরম উদাসীনতা প্রকাশ পেয়েছে৷ কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী সংসদে জানিয়েছেন, নির্ভয়া তহবিলে বিভিন্ন মন্ত্রকের বরাদ্দ অর্থ খরচই হয়নি ত্রিপুরায়৷ শুধু ওয়ান স্টপ সেন্টার প্রকল্পে বরাদ্দ অর্থ সামান্য খরচ করা হয়েছে৷ অবশ্য এই তালিকায় উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যও রয়েছে৷ কেবলমাত্র অসম ও অরুণাচল প্রদেশ নির্ভয়া তহবিলের অর্থ খরচে দারুণ কাজ করেছে৷ তবে, ওই দুই রাজ্যে প্রচুর অর্থ অব্যয়িতও রয়েছে৷ অবশ্য মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম ওই তহবিল খরচে হাত দিলেও প্রচুর অর্থ তাদেরও অব্যয়িত রয়েছে৷ নির্ভয়া তহবিল গঠনের সাত বছর পর এই হাল উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে৷
২০১৩ সালে কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠন করেছিল৷ সে-মোতাবেক বিভিন্ন মন্ত্রক রাজ্যগুলিকে অর্থ বরাদ্দ করেছে৷ কিন্তু, সেই অর্থ বছরের পর বছর অব্যয়িত রয়ে গেছে৷

এতে উদ্দেশ্য কতটা সফল হয়েছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে৷ নির্ভয়া তহবিল নিয়ে তারকাচিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ওই তহবিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে অর্থ বরাদ্দ করেছে৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বরাদ্দ অর্থে অরুণাচল প্রদেশ ৭ কোটি ৬৮ লক্ষ ৮৬ হাজার টাকার মধ্যে ২ কোটি ২৪ লক্ষ ৩ হাজার টাকা, অসম ২০ কোটি ৭২ লক্ষ ৬৩ হাজার টাকার মধ্যে ৩ কোটি ৫ লক্ষ ৬ হাজার টাকা, মিজোরাম ৮ কোটি ৮৩ লক্ষ ৫৭ হাজার টাকার মধ্যে ৫ কোটি ৪৩ লক্ষ ৬৮ হাজার টাকা এবং নাগাল্যান্ড ৬ কোটি ৮৯ লক্ষ ৫৫ হাজার টাকার মধ্যে ৩ কোটি ৫৭ লক্ষ ৮৪ হাজার টাকা খরচ করেছে৷ কিন্তু মণিপুর ৮ কোটি ৭৮ লক্ষ ৭৮ হাজার টাকা, মেঘালয় ৬ কোটি ৭৫ লক্ষ ৩৯ হাজার টাকা, সিকিম ৬ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা এবং ত্রিপুরার জন্য ৭ কোটি ৬৬ লক্ষ ৫৯ হাজার টাকা বরাদ্দ করা হলেও ওই রাজ্যগুলি কোনও অর্থ খরচ করেনি৷


এদিকে, বিচার দফতরের অধীনে মণিপুর ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা, নাগাল্যান্ড ৩৩ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ত্রিপুরার জন্য ১ কোটি ১ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ হলেও ওই তিনটি রাজ্য কোনও অর্থ খরচ করেনি৷ অন্যদিকে, কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের বরাদ্দ মিজোরামে ৩৫ লক্ষ ৮৫ হাজার টাকা, নাগাল্যান্ডে ৯ লক্ষ ৪০ হাজার টাকা এবং ত্রিপুরার জন্য বরাদ্দকৃত ৩০ লক্ষ ১৬ হাজার টাকার কোনও অর্থ খরচ করা হয়নি৷ তাছাড়া, মহিলা হেল্পলাইনের জন্য ত্রিপুরার জন্য বরাদ্দ ৪৯ লক্ষ ৭০ হাজার টাকাও খরচ হয়নি৷ মহিলা হেল্পলাইনের জন্য বরাদ্দ অর্থ উত্তর-পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলি খরচ করেছে৷


সংসদে প্রদত্ত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, নির্ভয়া তহবিলে শুধু মাত্র ওয়ান স্টপ সেন্টার প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি বরাদ্দ অর্থ খরচ করেছে৷ তবে, প্রচুর টাকা এখনও অব্যয়িত রয়েছে৷