ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ ৪০০-৫০০ রিয়াং শরণার্থী পরিবারকে ত্রিপুরাতেই স্থায়ী বসবাসের ব্যবস্থা হোক, চাইছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেছেন৷ কারণ, ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে অধিকাংশই অনিহা প্রকাশ করেছেন৷ ফলে, রিয়াং শরণার্থীদের নিয়ে স্থায়ী সমাধানের জন্যই এই পথ খঁুজে বের করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷


কেন্দ্রীয় সরকার, মিজোরাম ও ত্রিপুরা সরকার এবং ব্রু শরণার্থী সংগঠনের নেতাদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ৩ অক্টোবর থেকে রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ এই প্রক্রিয়া ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে স্থির হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলেন, ব্রু শরণার্থীদের মিজোরামে ফিরে যাওয়ার ক্ষেত্রে অনিহাই প্রকট হয়েছে৷ এখনও পর্যন্ত মাত্র ১৪৪ পরিবারের ৬৯৯ জন মিজোরামে ফিরে গিয়েছেন৷ তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার প্রধান সচিবের ব্রু নেতাদের সাথে বৈঠক সত্বেও পরিস্থিতিতে কোনও অগ্রগতি হয়নি৷ বরং সম্প্রতি ব্রু শরণার্থীরা দশদা-আনন্দবাজার রাস্তা ত্রাণ সামগ্রীর জন্য অবরোধ করেছেন৷


মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, ব্রু নেতারা এখন নিরাপত্তার অজুহাত তুলে মিজোরামে শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছেন৷ শুধু তাই নয়, তারা মিজোরামে ডাম্পা ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চলে পৃথক স্বশাসিত জিলা পরিষদ গঠিত হোক চাইছেন৷ শুধু তাই নয়, একাংশ ব্রু শরণার্থীরা ত্রিপুরাতেই বিভিন্ন অঞ্চলে তাদের স্থায়ী বসবসারে সুযোগ দেওয়ার দাবী তুলেছেন৷
মুখ্যমন্ত্রী ওই চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে মনে করিয়েছেন, ১৯৯৭ সালে মিজোরাম থেকে ব্রু জনজাতি ৫০৮২ পরিবারের ৩৪ হাজার মানুষ উত্তর ত্রিপুরা জেলায় কয়েকটি শিবিরে আশ্রয় নেয়৷ তিনি বলেন, এটা আমরা কোনও ভাবেই মেনে নিতে পারি না, এই দেশের নাগরিক স্বদেশেই শরণার্থীর জীবনযাপন করুক৷ তাতে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রভাব পড়ে৷ তাই, ব্রু শরণার্থীদের মধ্যে যারা স্বেচ্ছায় ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন তাদের সুযোগ দেওয়া হোক বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এক্ষেত্রে মিজোরামে প্রত্যাবর্তনে ব্রু শরণার্থীদের যে প্যাকেজ ঘোষণা দেওয়া হয়েছিল, একই প্যাকেজ এরাজ্যে বসবাস করতে চাইছেন যারা তাদের দেওয়া হোক৷


মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিতে বলেছেন, ব্রু শরণার্থীদের এরাজ্যে স্থায়ী বসবাসের ক্ষেত্রে পর্যাপ্ত জমি অন্যতম প্রধান সমস্যা৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যথাযথ উপযোগী ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবতে হবে৷ সাথে তিনি যোগ করেন, বর্তমান পরিকাঠামোতে প্রচুর সংখ্যক ব্রু শরণার্থী পরিবারকে স্থায়ী বসবাসের সুযোগ দিতে গেলে তাদের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে৷ তাই, রাজ্যের একটি নির্দিষ্ট মহকুমাতে ৪০০-৫০০ ব্রু শরণার্থী পরিবারকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হোক, চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এক্ষেত্রে ওই এলাকা উন্নয়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়বে, সেকথাও তুলে ধরেছেন তিনি৷ তাঁর বক্তব্য, ব্রু শরণার্থীদের রাজ্যের নির্দিষ্ট মহকুমায় স্থায়ী বসবাসের সুযোগ দিতে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরী৷ তবেই তাঁরা স্বাচ্ছ্যন্দপূর্ণ জীবনযাপন করতে পারবেন৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রস্তাব বিবেচনার আগ্রহ প্রকাশ করেছেন৷