নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর ৷৷ বিসর্জন কার্নিভালে মেতে উঠতে প্রস্তুত আগরতলা৷ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সুনিশ্চিতে আরক্ষা প্রশাসনের তরফে সমস্ত আয়োজন করা হয়েছে৷ আয়োজক কমিটি জানিয়েছে, আগামীকাল বিসর্জন কার্নিভালে ২৮টি ক্লাবের তালিকা তৈরী হয়েছে৷ আরও অন্তত ৭টি ক্লাব ওই কার্নিভালে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে৷

ওই কার্নিভালকে ঘিরে আগামীকাল দুপুর ২টা থেকে আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ বিশেষ করে পোস্ট অফিস চৌমুহনী থেকে দশমীঘাট পর্যন্ত কেবলমাত্র কার্নিভালে অংশ গ্রহণকারী ক্লাব গুলিকেই যাতায়াতের অনুমতি দেওয়া হবে৷ ইতিমধ্যে সিটি সেন্টারের সামনে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিদের জন্য অস্থায়ী মঞ্চ তৈরির কাজ সমাপ্ত হয়েছে৷ ওই কার্নিভালে অংশ নিতে আসছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের ওই কার্নিভাল উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ আয়োজক কমিটির সদস্য ভিক্টর সোম জানিয়েছেন, বিভিন্ন ক্লাব ওই বিসর্জনকে ঘিরে দারুণ প্রস্তুতি নিয়েছে৷ মায়ের বিদায়কে স্মৃতি মধুর করে তোলার জন্য প্রয়াসে কোনও কার্পণ্য করা হচ্ছে না৷ তিনি আশাবাদী, আগামীকাল ওই ঐতিহাসিক মুহূর্তগুলিকে রাজ্যবাসী আজীবন মনে রাখবেন৷

