রাজ্যে বলি বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর৷৷ ত্রিপুরার মন্দিরে বলিপ্রথায় নিষিদ্ধ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ তাঁর কথায়, বিকল্প সমাধান খুঁজে বের না করে ধর্মীয় ইস্যুতে এভাবে আদালতের রায় মেনে নেওয়া যায় না৷

তিনি জানান, বলিপ্রথা আমিও সমর্থন করি না৷ কিন্তু ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপও চাই না৷ প্রদ্যুতের কথায়, ত্রিপুরার মন্দিরে বলি বন্ধে মানুষের মতামত নেওয়া উচিত ছিল৷ কারণ, প্রাচীনকাল থেকে মানুষের ধর্মীয় বিশ্বাসে হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়৷

তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জালিকাট্ট বন্ধ করা সম্ভব হয়নি৷ অসমের কামাখ্যা বা অন্য মন্দিরেও বলিপ্রথা চালু রয়েছে৷

তিনি জানান, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার জন্য আইনজীবীদের সাথে পরামর্শ নিচ্ছি৷ আগামী ২/৩ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানাচ্ছি৷