আত্মঘাতী দ্বাদশ শ্রেণির পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শুক্রবার সাতসকালে আগরতলার বনকুমারীতে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷ প্রণয়ের সম্পর্কে চিড় ধরায় এই পরিণতি বলে ধারণা করা হচ্ছে৷
আজ আগরতলা শহরের কাছে বনকুমারী সাহা পাড়ায় জয়দেব মোদকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই কিশোর বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল৷ এদিন সকাল ছয়টা নাগাদ নিজের বাড়িতে একটি ঘরে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে৷ তার বাবা-মা ছেলেকে এই অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন৷


সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পরিবারের লোকজন জানিয়েছেন, জয়দেবের এই পরিণতির পেছনে প্রণয় সংক্রান্ত বিষয় থাকতে পারে৷ গত কয়েকদিন যাবৎ সে একটু উদাস আনমনা হয়ে থাকত৷ যদিও সে প্রাণচঞ্চল একটি ছেলে ছিল৷ পাড়ায় সবার সাথে হাসিমুখে কথা বলত৷ হঠাৎ করে এই ঘটনা শুনে এলাকার সবাই মর্মাহত৷ তার আত্মহত্যা পাড়াপড়শি কোনওভাবেই মানতে পাড়ছেন না৷


এ-ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷ তার আত্মহত্যার পেছেনে ত্রিকোণ প্রেম কারণ কিনা, তা পুলিশ তদন্ত করে দেখছে৷ এর পেছনে কোনও প্ররোচনা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ৷ কিশোরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ একমাত্র সন্তানকে হারিয়ে বুক চাপড়ে কাঁদছেন মা৷ বাবাও পুত্রশোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷