দেবপ্রয়াগ (উত্তরাখণ্ড), ২৮ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরাখণ্ডের দেবপ্রয়াগের কাছে তিন ধারায় শনিবার ভূমিধসে চাপা পড়ে যায় একটি যাত্রীবোঝাই টেম্পো। এই মর্মান্তিক দুর্ঘটনায় ধ্বংসাবশেষে আটকা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-ও।

এদিন পাহাড়ের পাথর ধসে পড়ে যাত্রীবোঝাই টেম্পোর উপর। ভূমিধসের জেরে টেম্পোটি উল্টে যায় এবং দুর্ঘটনায় ৬ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত পাঁচজন। সকলকেই উদ্ধার করে দেবপ্রয়াগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, টেম্পোর মধ্যে থাকা সমস্ত যাত্রীই পঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িটি হৃষিকেশ থেকে শ্রীনগরে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

