মুম্বই, ২৫ সেপ্টেম্বর (হি.স.): গত ৩০ আগস্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| ব্যাঙ্ক সংযুক্তিকরণের ঘোষণায় শঙ্কার মেঘ দানা বেঁধেছিল ব্যাঙ্কিং সেক্টরে| সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, বেশ কিছু ব্যাঙ্ককে বন্ধ করে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| কিন্তু, সেই গুজব উড়িয়ে দিয়ে ৱুধবার আরবিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আরবিআই বেশ কিছু ব্যাঙ্ককে বন্ধ করে দিতে চলেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব|

বুধবার কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার জানিয়েছেন, ‘আরবিআই বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ করে দিতে চলেছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে| পাবলিক সেক্টর ব্যাঙ্ক (পিএসইউ) বন্ধ হওয়ার কোনও প্রশ্নই ওঠে না| বরং গ্রাহকদের আরও ভালভাবে পরিষেবা দেওয়ার জন্য পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির সংস্কারে জোর দিয়েছে সরকার|’
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| ১০টি ব্যাঙ্ক একত্রিত করে চারটি ব্যাঙ্কে পরিণত হবে| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক, এই তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে উন্নীত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক (পিএসইউ) হিসেবে| সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কানাড়া ব্যাঙ্ক, উন্নীত হতে চলেছে চতুর্থ দ্বিতীয় ব্যাঙ্ক হিসেবে| এছাড়াও কর্পোরেশন ব্যাঙ্ক এবং অন্ধ্র ব্যাঙ্কের সঙ্গে মিশে যাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| উন্নীত হতে চলেছে পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে| এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে হতে চলেছে দেশের সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক|

