পণ্ডিত দীনদয়াল ছিলেন একজন রাষ্ট্রপুরুষ জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন রাষ্ট্রপুরুষ৷ জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে বুধবার দুপুরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হল-এ আয়োজিত হয় রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান৷ এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য অতিথিগণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷


অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন রাষ্ট্রপুরুষ৷ তিনি প্রখর শিক্ষাবিদ এবং রাষ্ট্রবাদী ব্যক্তি ছিলেন৷ মুখ্যমন্ত্রীর দাবি, সমাজের শেষ প্রান্তে অবস্থানকারী অধিকাংশ ব্যক্তির কাছে সমাজের সুফল যাতে পৌঁছায় সে কাজ করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়৷ অসময়ে তাঁর মৃত্যু হলেও তাঁর জীবনের সময়কালে সমগ্র বিশ্বের সামনে তিনি এক নতুন মতবাদ রেখে যান৷ মুখ্যমন্ত্রী বলেন, পুঁজিবাদ, সমাজবাদ থেকে মানুষ যখন ঘুরে দাঁড়াতে চেয়েছিল তখনই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবাসীকে এক নতুন পথ দেখান, সেটা হচ্ছে একাত্ম মানবতাবাদ৷


মুখ্যমন্ত্রীর কথায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন বলে তিনি গর্ববোধ করেন৷ তিনি বলেন, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর সব-কা সাথ সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস এই সব স্লোগানগুলি একাত্ম মানবতাবাদকে আদর্শ করে তৈরি করা হয়েছে৷ একাত্ম মানবতাবাদ থেকেই অন্ত্যোদয় শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে দেশের সর্বশেষ প্রান্তে অবস্থানকারী ব্যক্তির কাছে সকল প্রকার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া৷ তাঁর দাবি, একাত্ম মানবতাবাদের মূল তত্ব হচ্ছে নিজে শোষিত না হওয়া, অন্যকে শোষণ না করা এবং সরকারি সকল সুবিধা সমাজের সর্বশেষ প্রান্তে অবস্থানকারী ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া৷


মুখ্যমন্ত্রী বলেন, দেশে আগেও অনেক প্রধানমন্ত্রী গ্রাম, গরিব, কৃষকের জন্য সুব্যবস্থার কথা বলেছেন৷ কিন্তু বাস্তবে গ্রাম গরিব ও কৃষকমুখি ব্যবস্থা রূপায়ণ করেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি দেশের কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি তিন কিস্তিতে ৬ হাজার টাকা প্রদানের ব্যবস্থা করেছেন৷ তিনি জানান, এই প্রকল্পে ত্রিপুরার ২ লক্ষ ১৫ হাজার কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে৷ সাথে যোগ করেন, গ্রামের উন্নয়নে পঞ্চায়েতে ৮০ লক্ষ টাকা সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের দিশারী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতবাদের দর্শনকে আদর্শ করে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর কাজ করেছেন৷ গরিবদের জন্য জনধন অ্যাকাউন্ট চালু করে দিয়েছেন৷ যার মধ্যে দিয়ে গরিবদের কাছে সরাসরি বিভিন্ন প্রকল্পের টাকা পৌঁছে যাচ্ছে৷ তিনি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫ (এ) ধারা বিলোপ করার বিষয়টি উল্লেখ করে বলেন, যা ৭০ বছরের মধ্যে হয়নি বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা বিলোপ করে এক অখণ্ড ভারতবর্ষ গঠন করেছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের বাজারে যখন মন্দা চলছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কপর্োরেট কর হ্রাস করার মতো ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন৷ তাতে বিদেশি কোম্পানীগুলি ভারতে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন৷ এরফলে উপকৃত হবেন ভারতের জনগণ৷ তিনি বলেন, এই সিদ্ধান্তে ভবিষ্যতে ৭ থেকে ৮ লক্ষ কোটি টাকা ভারতের বাজারে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এক নতুন দিশায় এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷
তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ দর্শনকে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ব্যক্তি, পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান৷ প্রতিটি ব্যক্তির কাছে যখন এই আদর্শ পৌঁছে যাবে তখন সর্বশ্রেষ্ঠ ভারত বা সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সফলভাবে বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷