৩৭০ ধারা বিলুপ্তির আগে কাশ্মীরে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল : জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (হি.স.) :  ৩৭০ ধারা বিলুপ্তির আগে জম্মু ও কাশ্মীরে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। বুধবার নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকে এক আলোচনাসভায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এস জয়শঙ্কর জানিয়েছেন কাশ্মীরের বেশির ভাগ অঞ্চলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ল্যান্ডলাইন পরিষেবা সচল হয়েছে। কয়েকটি মোবাইল টাওয়ারও কাজ করতে শুরু করেছে। আর্থিক লেনদেন চালু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জীবনহানি হয়নি। ৩৭০ ধারা বিলুপ্তির আগে গত ৩০ বছরে ৪২ হাজার মানুষ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে শ্রীনগরের রাজপথে এক পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করা হয়। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লেখার জন্য খুন হতে হয় সাংবাদিককে। ঈদ উপলক্ষ্যে সেনা জওয়ান বাড়ি ফিরলে তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করে জঙ্গিরা। ৫ আগস্টের আগে কাশ্মীরে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল।