নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ সাংবাদিকদের দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রেস ইনফরমেশন ব্যরো আগরতলার উদ্যোগে আজ একদিবসীয় সংবাদমাধ্যম কর্মশালা-বার্তালাপ অনুষ্ঠিত হয়৷ কর্ণেল মহিম ঠাকুর সরণিস্থিত ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম হলো সংবাদমাধ্যম৷ দেশ গঠনের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রয়েছে সংবাদমাধ্যমের৷

জনকল্যাণ, রাষ্ট্রকল্যাণ এবং গরীব কল্যাণমুখী সরকারি প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে সচেতন করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম৷ তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতা প্রবল৷ কিন্তু এর বিশ্বাসযোগ্যতা অনেকটাই কম৷ যদিও মুদ্রণ ও বৈদ্যতিন মাধ্যমের গুরুত্ব আজও বর্তমান৷ সংবাদ জগতের বিবর্তন ও পরিবর্তন ঘটছে৷ সাংবাদিকতাও এর বাইরে নয়৷ কিন্তু এর বিশ্বাসযোগ্যতা আজও স্বমহিমায় উজ্জল৷ সাংসদ শ্রীমতি ভৌমিক আরও বলেন, রাজ্য সরকার সাংবাদিকদের নতুন পেনশন ব্যবস্থা চালু করার পাশাপাশি সাংবাদিক কল্যাণমুখী আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে৷
রাজ্য সরকার রাজ্যের রেল, বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে পর্যটন শিল্পের বিকাশেও বহুমুখী ও সুুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করছে৷ আগামী দিনগুলিতে এ ধরনের কর্মশালা মহকুমা পর্যায়ে করার জন্য পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন তিনি৷ এদিনের কর্মশালায় এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ইনফরমেশন ব্যরোর নর্থ-ইস্ট জোনালের ডাইরেক্টর জেনারেল এল আর বিশ্বনাথ, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, বিশিষ্ট চিকিৎসক ড: কনক চৌধুরী৷ আজকের কর্মশালায় প্রায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন৷ সাংবাদিকদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রোগ ও চাপমুক্তির জন্য কর্মশালাতে উপযোগী যোগা প্রদর্শনও করা হয়৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আয়োজক সংস্থার মিডিয়া ও কমিউনিকেশন অফিসার সুুদীপ্ত কর৷

