রাতভর বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তিতে দিল্লিবাসী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি. স.) : অবশেষে তৃপ্তির বৃষ্টিতে ভিজল রাজধানী। গুমোট আবহাওয়া থেকে সাময়িক মুক্তি দিয়ে উইক এন্ডে ঠান্ডা মনোরম আবহাওয়াতেই ঘুম ভাঙল দিল্লিবাসীর। রাজধানী দিল্লির বেশিরভাগ অঞ্চলেই শনিবার রাত থেকে রবিবাসরীয় সকাল পর্যন্ত মোট ২৩.৪ মিলিমিটার (মিমি) বৃষ্টি হয়েছে বলে সফদরজংয়ের আবহাওয়া দফতর সূত্রের খবর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ ছিল শহরজুড়ে। 


গত কয়েকদিন থেকেই আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির অভাব বাড়িয়েছে অস্বস্তি। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। দিল্লির আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

বেশ কিছু এলাকায় সোমবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সফদরজংয়ের আবহাওয়া দফতর, যার জেরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।