নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্ঢেম্বর৷৷ অভিমানে আত্মঘাতী হলেন এক তরুণী৷ চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ধর্মনগর থানাধীন লালছড়া গ্রামপঞ্চায়েতের চড়কটিলার বাসিন্দা জেনি দাস (১৯)৷

ধর্মনগরের জিআরপি থানার ওসি জানিয়েছেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন ওই তরুণী৷ চালক অনেক চেষ্টা করেও ট্রেন থামাতে পারেননি৷ কারণ, হঠাৎ ওই ঘটনায় ট্রেনের গতি থামানো তাঁর পক্ষে সম্ভব ছিল না৷
এদিন তিনি জানান, দুপুর প্রায় ৩-টা ৫ মিনিট নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জের ট্রেন ধর্মনগর স্টেশনে ঢোকার সময় ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জেনি দাস হঠাৎ ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন৷ ট্রেনের নীচে কাটা পরে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে৷ জিআরপি ওসি জানিয়েছেন, তার কলেজের পরিচয়পত্র দেখে বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে৷ সেই মত তাদের খবর দেওয়া হলে তার মা ও বোন ছুটে আসেন৷ তাদের কাছে জানতে পেরেছি, সকালে বোনের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল জেনি৷ তবে এই পরিণতি হবে তা ভাবেননি তাঁরা৷
জিআরপি থানার ওসি জানিয়েছেন, জেনির মৃতদেহ আগামীকাল ময়না তদন্ত করা হবে৷ তার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তিনি জানান, মেয়েটি আত্মহত্যা করেছেন তা তার পরিবারের সদস্যদের বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে স্পষ্ট৷ তাই, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷ এদিনের ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে৷

